ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে: সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশে ফ্যাসিবাদ বা স্বৈরাচারী রাজনীতির পুনরুত্থান ঠেকাতে হলে সুস্থ রাজনৈতিক চর্চা ও আদর্শভিত্তিক রাজনীতি গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৬ সেপ্টেম্বর) ধানমন্ডি ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
সালাহউদ্দিন বলেন, "আমরা যদি গণতান্ত্রিক সংস্কৃতি লালন করি এবং ভালো রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে আর কোনোদিন স্বৈরাচার বা ফ্যাসিবাদের সুযোগ সৃষ্টি হবে না।"
তিনি আরও বলেন, রাজনীতিতে গণতান্ত্রিক আচরণের চর্চা মানে হলো—নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য বজায় রাখা, কর্মসূচি পালনে বাধা না দেওয়া, জবরদস্তিমূলক মনোভাব পরিহার করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডেও পরিবর্তনের ছাপ রাখা।
বিএনপির এই নেতা মনে করেন, গুণগত রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রয়োজন ভালো আদর্শ উপস্থাপন এবং সঠিক রাজনৈতিক সংস্কৃতি চর্চা। তাহলেই অতীতের ফ্যাসিবাদী ধারা চিরতরে বিলীন হবে।
অনুষ্ঠানে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/হ.র