স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জোট ছাড়াই এককভাবে অংশগ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নানা অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচন বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। সুষ্ঠু ভোট নিয়ে সামান্যতম শঙ্কা তৈরি হলেও তা প্রতিহত করতে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে এনসিপি।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে চাঁদাবাজ ও দখলদারদের প্রতিহত করতে এনসিপি কোনো জোটের ওপর নির্ভর করবে না। দলটি নিজস্ব অবস্থান থেকে নির্বাচনে অংশ নেবে।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, যে আড়াই হাজার জনকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে তাদের প্রত্যেককে চাকরিতে নিয়োগ দিতে হবে। যদি তাদের কোনো সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না থাকে তাহলে নিয়োগ দিতে হবে। অন্যায়ভাবে যদি একজনকেও বাদ দেওয়া হয়, তাহলে এনসিপি তার পক্ষে লড়বে।
জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যের আলোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জাতিসংঘে যে বক্তব্য তারেক রহমান দিয়েছেন, তাতে জনগণের আশা-আকাঙ্ক্ষা, প্রত্যাশা উঠে আসেনি। তিনি সেখানে দলীয় এজেন্ডা তুলে ধরেছেন। যে এজেন্ডাগুলো ইতোমধ্যে ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে।
এনসিপি আহ্বায়ক বলেন, বাংলাদেশ-ভারত সবচেয়ে রক্তাক্ত সীমান্ত। সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে কিছু বলেননি তিনি। পুশইন নিয়ে কোনো কিছু বলেননি তিনি।
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী। দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে সম্ভব নয়। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণহত্যার কথা তিনি তুলে ধরতে পারেননি। জাতিসংঘে আমাদের কী অর্জন সেটি জনগণের কাছে স্পষ্ট নয়।
ভোরের আকাশ/আ.র