বিএনপি-সিপিসির সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দলের সফরের মধ্যে দিয়ে দুই দলের নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে।
দেশে ফেরার সময় শুক্রবার (২৭ জুন) রাতে বিমানে উঠার আগে চীনের শিয়ান বিমানবন্দরে এ কথা বলেন তিনি। চার দিনের চীন সফর শেষে শুক্রবার রাতে দেশে ফেরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন ৯ সদস্যের প্রতিনিধি দল।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, রাত ৯টা ৪০ মিনিটে ঢাকায় পৌছার কথা রয়েছে বিএনপির প্রতিনিধি দলের। সেখানে ফেরার পর তাদের স্বাগত জানাবেন ঢাকায় চীনের দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।
তিনি বলেন, দেশে ফেরার আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফররত উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে সানঝি প্রদেশের জিয়ান শহরতলীতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন। কমিউনিটি কমিটির সেক্রেটারি অভ্যর্থনা জানিয়ে তাদের কার্যক্রম ব্যাখ্যা করেন। তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্য সেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রম বিস্তারিত ব্যাখ্যা করে তুলে ধরেন বিএনপির প্রতিনিধি দলের সামনে।
শায়রুল আরও জানান, সংযুক্ত জাদুঘরে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরার কার্যক্রম পরিদর্শন করেন। পরে বিমান বন্দরে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান।
গত বৃহস্পতিবার বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা জিয়ান হাইটেক ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট জোন, জিয়াওটং ইউনির্ভাসিটি এবং একটি গ্রাম পরিদর্শন করেন।
সফররত দলের সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, স্মার্ট সিটি হিসেবে পরিচিত জিয়ান শহরের একটি হাইটেক প্রজেক্টসহ বেশ কিছু স্থান পরিদর্শন করেছেন বিএনপি নেতারা। সেখানকার স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলেছেন।
প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমান, গয়েশ^ও চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহ উল্লাহ, সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার। পাঁচ দিনের সফরে গত ২২ জুন চীনে গেছে বিএনপির প্রতিনিধি দলটি।
ভোরের আকাশ/এসএইচ