ফুল দিয়ে তারেক রহমানকে বরণ করলেন শাশুড়ি

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর তাকে বরণ করে নেন স্বজন ও দলের নেতাকর্মীরা। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একে একে আলিঙ্গন করেন। এ ছাড়া উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৩৬ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট ‘বিজি ২০২’ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানের চাকা রানওয়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে উপস্থিত হাজার হাজার নেতাকর্মীর গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। প্রিয় নেতাকে স্বাগত জানাতে রানওয়ে থেকে ভিআইপি লাউঞ্জ পর্যন্ত তৈরি করা হয় নজিরবিহীন নিরাপত্তা বলয়। তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে এসেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
এর আগে, লন্ডন থেকে রওনা হওয়ার পর তারেক রহমানের উড়োজাহাজটি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সংক্ষিপ্ত বিরতির পর বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, ফ্লাইট বিজি-২০২।
বিমানবন্দর থেকে তারেক রহমান লাল ও সবুজ রঙে সজ্জিত বিশেষ বুলেটপ্রুফ বাসে করে এভারকেয়ার হাসপাতালে যাবেন। বাসটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান রয়েছে। পথে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।
বিএনপি এ উপলক্ষে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে সংক্ষিপ্ত সংবর্ধনা আয়োজন করেছে। সেখানে তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, ধন্যবাদ জানাবেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে যান এবং পরে গুলশান অ্যাভিনিউয়ে মা খালেদা জিয়ার বাসভবনে ফিরে যাবেন।
ভোরের আকাশ/এসএইচ