জুলাই আন্দোলন নিয়ে মাওলানা মামুনুল হকের নতুন বই
আগামীকাল প্রকাশিত হচ্ছে ‘জুলাই কেন আমাদের লড়াই?’

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অবস্থান, দৃষ্টিভঙ্গি, বিশ্লেষণ ও ভবিষ্যৎ রাজনৈতিক পথচলার বিভিন্ন দিক নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নতুন গ্রন্থ ‘জুলাই কেন আমাদের লড়াই?’
বাংলাদেশ খেলাফত মজলিস সূত্রে জানা গেছে, আগামীকাল (৫ আগস্ট) মাগরিবের নামাজের পর রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হবে।
মাওলানা মামুনুল হক জানিয়েছেন, জুলাইকে কেন্দ্র করে তাদের রাজনীতি কোনো আকস্মিক বা সাময়িক সিদ্ধান্ত নয়; বরং এটি একটি সুচিন্তিত ও ধারাবাহিক রাজনৈতিক পদক্ষেপ। নিজেদের অবস্থান ও রাজনৈতিক বিশ্লেষণ পাঠকের সামনে স্পষ্টভাবে তুলে ধরতেই তিনি এ গ্রন্থ রচনা করেছেন।
বইটিতে গণভোটের রায় বাস্তবায়নের প্রয়োজনীয়তা, সংবিধান সংস্কারের যৌক্তিকতা, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থানের কারণ, জুলাই আন্দোলনকে ইসলামপন্থীদের ইস্যু হিসেবে দেখার ভিত্তি, দেওবন্দী আলেমদের ভূমিকা এবং সমকালীন রাজনীতিতে তাদের অবস্থানের প্রাসঙ্গিকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ও বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।
মাওলানা মামুনুল হকের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ পরামর্শ, ইস্তেখারা ও গভীর বিবেচনার পর তারা আত্মবিশ্বাসের সঙ্গে এই রাজনৈতিক পথচলা অব্যাহত রেখেছেন। দীর্ঘমেয়াদি সংগ্রামের অংশ হিসেবেই এ রাজনীতি পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, যারা তাদের রাজনীতি অনুসরণ করেন কিংবা সমালোচনা করেন—উভয় পক্ষের সুবিধার জন্যই তাদের বক্তব্য ও অবস্থানকে লেখ্যরূপে উপস্থাপন করা হয়েছে। কোনো আদর্শ বা রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করার আগে বিষয়টি জানা ও অনুধাবন করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
‘জুলাই কেন আমাদের লড়াই?’ গ্রন্থটি আগামীকাল প্রকাশের মধ্য দিয়ে পাঠকের হাতে পৌঁছাবে। বইটিতে জুলাই আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক বাস্তবতা নিয়ে মাওলানা মামুনুল হকের রাজনৈতিক চিন্তা, বিশ্লেষণ ও অবস্থান বিস্তারিতভাবে উঠে এসেছে।
ভোরের আকাশ/এনএ