জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদেও বিরোধী দলীয় সাবেক চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক বলেছেন, জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি ঐক্যবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ। গত ১৬ বছর দেশের জনগন মৌলিক অধিকার ভোট থেকে বঞ্চিত ছিল। তাই জনগনের ভোটের অধিকার লড়াই বিএনপি সরে দাঁড়াবে না। জনগনের স্বার্থে বিএনপি মাঠে ছিল, আছে, থাকবে বলেও জানিয়েছেন চেয়ারপারসনের এই উপদেষ্টা।
রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো আওয়ামী ফ্যাসিবাদদের স্বপদে বহাল রেখে নির্বাচন কি সম্ভব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী সপু ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ভিপি ইব্রাহিম। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেন, দেশে আবারও নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদ বহাল রেখে কখনোই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসরা সরকারের প্রতি রন্ধে রন্ধে রয়েছে। এই ফ্যাসিবাদ গ্রুপ নির্বাচনকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ বিএনপির এই নেতার।
ফেব্রুয়ারির নির্বাচনকে শঙ্কায় ফেলার চেষ্টাকারীদের কঠোরভাবে রুখে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তিনি বলেন, যারা এখনো কিছু দলকে মাঠে নামিয়ে নির্বাচন বানচালের সঙ্গে জড়িত এবং দুর্নীতিগ্রস্থ, তারাই ’১৪- এর নির্বাচনে বিএনপিকে পরাজিত করতে সহায়তা করেছে। তারাই এখন আবার ফেব্রুয়ারির নির্বাচনকে শঙ্কায় ফেলার চেষ্টা করছে। তাদের কঠোরভাবে রুখে দিতে হবে। যদি ডাকসু আর জাকসুর প্রতিফলন জাতীয় নির্বাচনে ঘটবে বলে মনে করেন, তাহলে এসব পদ্ধতি ভুলে জনগণের মতের সুযোগ দেন, নির্বাচনে অংশ নেন’ বলেও যোগ করেন বিএনপির এ নেতা।
জয়নুল আবদিন ফারুক বলেন, আগের মতো ২০ দলীয় জোট করতে চাই, ঐক্য ধরে রাখতে চাই। যদি ঐক্য বিনষ্ট করতে চান, তাহলে এর দায় আপনাদের নিতে হবে।
তিনি বলেন, কিছু গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা দিনের ভোট রাতে করে জনগণের অধিকার হরণ করেছে। ২০২৫ সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকেও তারা বানচাল করতে চাচ্ছে।
তিনি আরও বলেন, ১৬ বছর ধরে মামলা, অত্যাচার, অবিচার সহ্য করে আমরা গণতন্ত্রের লড়াই চালিয়ে যাচ্ছি। এখন আর পেছনে ফেরার সময় নেই। ভোটের অধিকারের জন্যই আমরা লড়ছি, আর এর বিচার করবে জনগণ।
বিএনপির এই নেতা জাতীয়তাবাদী শক্তির মধ্যে ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, আমাদের ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে। কিন্তু দেশপ্রেমিক জনতা যদি ঐক্যবদ্ধ থাকে, কোনো ফ্যাসিবাদই আর টিকবে না।
ভোরের আকাশ/এসএইচ