দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ

দেশের বাইরে গিয়ে জীবনযাপন করার চেয়ে নির্দ্বিধায় দেশেই ১০ বছর জেল খাটাকেই বেছে নেবেন বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফেসবুকে একটি ভিডিওতে সরাসরি তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, কেউ যদি আমাকে বলে, ১০ বছর জেল খাটবে, নাকি আরামে দেশের বাইরে গিয়ে জীবন কাটাবে; আমি নির্দ্বিধায় ১০ বছর জেল খাটাকেই বেছে নেব।
ভিডিওতে আসিফ মাহমুদ বলেন, দুদক যেটা বলেছে যে চার দেশে ১১ হাজারে কোটি টাকা পাচার করেছি। এক টাকা যদি দেশের বাইরে কোথাও পাওয়া যায়, আমি ওই দিনই রাজনীতি ছেড়ে দেব।
আপনারা শুধু প্রমাণ করে দেখান যে আমার এক টাকা আছে দেশের বাইরে কোথাও, বিনিয়োগ করেছি বা একটা ধূলিকণা দেশের বাইরে কিনেছি।
তিনি আরও বলেন, আমার মাইন্ড সেটটা ওয়ার্ক করে, কেউ যদি আমাকে বলে তুমি ১০ বছর জেল খাটবা নাকি দেশের বাইরে গিয়ে আরামে জীবনযাপন করবা? আমি তখন ১০ বছর জেল খাটাকে চুজ করব। কারণ আমার ন্যাশনালিজমের (জাতীয়তা) পাওয়ার এতটাই স্ট্রং। কিন্তু ন্যারেটিভ (কানিহি) উৎপাদন এবং বিলিফিকেশনের (বিশ্বাস স্থাপন) জন্য তো আসলে প্রমাণ লাগে না। উনারা এটাই করতে চাচ্ছেন এবং এটাই করছেন।
জানিয়ে আসিফ মাহমুদ বলেন, সে জন্য আমার আহ্বান থাকবে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং একটু ক্রিটিক্যাল মাইন্ড সেটে দেখবেন। কারণ সরকার এবং যাদের হাতে ক্ষমতা, তাদের আসলে আনকোশ্চেনভাবে বিশ্বাস করার সুযোগ নেই দুঃখজনকভাবে আমাদের মিডিয়াকেও ক্রিটিক্যালি না দেখে এখন আর উপায় নেই।
এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের নতুন অভিযোগ পাওয়ার কথা বলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে এসব টাকা পাচারের কথা জানায় সংস্থাটি। যদিও গত ১৩ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ।
ভোরের আকাশ/এনএস