ইসির ওপর বিএনপির শতভাগ আস্থা: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের ওপর তাদের দলের পূর্ণ আস্থা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কমিশন নিজস্ব যোগ্যতা ও দায়িত্ববোধের ভিত্তিতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় শপথ নিয়েছি। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায়ের পর নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি গড়ে তোলা এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়িত করবো, এই শপথ নিয়েছি।
নির্বাচন কমিশনে যাচাই-বাছাইয়ের সময় সমস্যা হয়। তবে তারা যোগ্যতার সঙ্গে কাজ করছে। এই কমিশনের প্রতি বিএনপির শতভাগ আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি আসন্ন নির্বাচনে এই কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করবে।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খানসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
ভোরের আকাশ/এনএস