স্বাধীনভাবে ভোট দিতে পারলে রাষ্ট্রপতি পদ আরও সম্মানিত হতো: নাহিদ

গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা থাকলেও তা হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকলে রাষ্ট্রপতি পদটি আরও সম্মানিত হতো। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে জাতীয় সংসদ ভবনে প্রবেশের সময় সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের কথা থাকলেও তা করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বিএনপি সরকার গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও তারা তা করছে না।
নাহিদ ইসলাম বলেন, ‘প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক চর্চার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। বিএনপি মুখে এক কথা বললেও কাজ করছে ভিন্ন। তারা জুলাই সনদ ও গণভোটের বিপক্ষে কাজ করছে।’
সরকার গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘সরকার আমাদের যাবতীয় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে প্রতারণা করেছে। তারা সারা দেশে দলীয়করণ করছে। প্রশাসনের সব জায়গায় এবং এখন রাষ্ট্রপতি নির্বাচনেও একপ্রকার দলীয়করণের মাধ্যমে দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন।’
তিনি আরও বলেন, ‘যেখানে স্বাধীনভাবে কোনো ভোট দেওয়ার সুযোগ নেই, সেখানে তারা নিজেরাই বলে দিচ্ছে কে নির্বাচিত হবে। ফলে তারা গণতন্ত্রের পক্ষে আছে বলে আমরা মনে করছি না।’
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের বিষয়টি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘এ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য, সে ধরনের ভারসাম্যের দিকে আমরা আর এগোতে পারছি না।’
তিনি বলেন, রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা এবং জনগণকে একটি বার্তা দেওয়ার জন্যই এনসিপি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে। একই সঙ্গে এর মাধ্যমে দলটি গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধার বিষয়টিও তুলে ধরতে চায়। নাহিদ ইসলাম বলেন, ‘সরকার কোনো সংস্কার না করলেও বিরোধী দল এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে। যাতে আলোচনাটা আসে, নির্বাচনটা প্রতিযোগিতামূলক হয় এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে মানুষ আরও বেশি সচেতন হয়।’
ভোরের আকাশ/সু.পা