দেশ ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ, হতাশা বাড়ছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে। রাতারাতি সেই সমস্যাগুলো সমাধান সম্ভব নয়। নির্বাচিত প্রতিনিধিদের কাছে জবাবদিহিতা থাকলে ন্যূনতম ন্যায়বিচার নিশ্চিত করা যেত। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি এমন জায়গায় যাচ্ছে, যেখানে হতাশা বাড়ছে। শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সেটা এক বছরে সমাধান সম্ভব নয়। সব নির্ধারণ করে আমলারা। রাতারাতি সব সমাধান সম্ভব নয়৷ নির্বাচিত প্রতিনিধিরা ন্যূনতম যে ন্যায়বিচার পাওয়ার অধিকার, সেটা নিশ্চিত করবে। নির্বাচন যদি বার বার হয়, জনগণের কাছে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে।
তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু যখন বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, ঠিক তখন বিষয়গুলো সম্পূর্ণ ডাইভার্ট করে উগ্রবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তখন হতাশ হচ্ছি। তর্কবিতর্ক থাকবে। কিন্তু এমন জায়গায় যাচ্ছি, যেখানে হতাশা বাড়ছে, হতাশ হতে হচ্ছে।
বিএনপি মহাসচিব মনে করেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তৈরি না হলে সংস্কার কার্যক্রম সফল হবে না। তর্কবিতর্ক থাকবে, সমালোচনা থাকবে, তবে দেশের ভবিষ্যৎ যেন হতাশায় নিমজ্জিত না হয়, সেদিকে সবার নজর দেওয়া উচিত, যোগ করেন তিনি।
ভোরের আকাশ/এসএইচ