বিএনপির উদ্দেশে কঠিন বার্তা দিলেন রুমিন ফারহানা

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার সময় হট্টগোলের সম্মুখীন হন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
পরে এ নিয়ে মুখ খুলেছেন রুমিন ফারহানা। তিনি বলেন, ‘বিএনপির কিছু লোক আমার নেতাকর্মীদের ওপর রীতিমতো হামলা করেছে। আমাকে এক পাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়।’
তিনি বলেন, ‘বিএনপিকে বলব, ১৭ বছর পর তারা ক্ষমতায় এসেছে। লোকাল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে এর পরিণতি ভয়াবহ হবে।’
পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘যেহেতু দীর্ঘ ১৫ বছর একটা লম্বা সময় বিএনপির নানাভাবে চাপে ছিল, লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে, তারা যখন এ রকম ভয়ংকর হিংস্রতা নিয়ে পলিটিক্যাল পদের ব্যবহার করার চেষ্টা করে, এটা মনে হয় দলের উঁচু পর্যায় থেকে মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে এবং সরকারের জন্য ক্ষতিকর হবে।’
বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি জানান, বিএনপির নতুন সরকার এসেছে। আশা করি, তারা দল ও সরকার হিসেবে এসব উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের ব্যাপারে ত্বরিত ব্যবস্থা নেবে।
ভোরের আকাশ/এসএইচ