তারেক রহমানের প্রত্যাবর্তন
পূর্বাচল ৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল, উৎসবের আমেজ

১৭ বছর নির্বাসনের পর ২৫ ডিসেম্বর অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় তৈরি করা হয়েছে বিশাল সংবর্ধনা মঞ্চ, যেখানে একটি রাজনৈতিক উৎসবের পরিবেশ বিরাজ করছে।
তারেক রহমানের আগমনে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা উৎসাহের সাথে যোগ দিচ্ছেন। নেতাকর্মীরা একদিন আগেই সমাবেশস্থলে এসে জড়ো হচ্ছেন, পুরো এলাকা স্লোগান, প্ল্যাকার্ড এবং উল্লাসে পরিপূর্ণ হয়ে উঠেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকেই মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে এবং প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে।
মঞ্চের আশপাশে ব্যানার, পতাকা এবং তোরণ সাজানো হয়েছে। ইতিমধ্যে কিশোরগঞ্জ, চট্টগ্রাম, রংপুর, বগুড়া এবং দেশের অন্যান্য অঞ্চলের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। অনেকেই সমাবেশের আগের রাত থেকে প্রস্তুতি নিতে সেখানে অবস্থান নিয়েছেন।
এদিকে, নিরাপত্তার জন্য পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি চালাচ্ছে এবং পুরো এলাকা পরিদর্শন করছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীর একাধিক টিম গাড়ি করে সমাবেশস্থলের বিভিন্ন স্থান পরিদর্শন করছে।
বিএনপির কিশোরগঞ্জ জেলা শাখার নেত্রী শামীম আহমেদ বলেন, এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক মুহূর্ত হতে যাচ্ছে। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে ফিরছেন, এবং দেশের মানুষ তার প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে প্রস্তুত।
বগুড়া থেকে আসা স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম বলেন, এটি শুধুমাত্র একটি রাজনৈতিক সমাবেশ নয়, এটি একটি জাতীয় উৎসব। আমাদের কাছে এটি সম্মানের বিষয়।
চট্টগ্রাম থেকে আসা যুবদল কর্মী ইলিয়াস হোসেন বলেন, এটা শুধু নেতাকে বরণ করার দিন নয়, এটা জনগণের শক্তির প্রমাণ। এত বছর পরেও তারেক রহমানের জন্য মানুষ পথে নেমে আসে, এটি সত্যিই বিশাল ব্যাপার।
সূত্র জানিয়েছে, বিমানবন্দর থেকে বনানী ও কাকলী হয়ে সরাসরি তারেক রহমান সংবর্ধনা মঞ্চে যাবেন। এই মহা সমাবেশকে স্মরণীয় করে রাখতে, ৩০০ ফিট এলাকার মহাসড়কে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে, যার প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হয়েছে।
এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশা প্রকাশ করেছেন যে, ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ৫০ লাখ মানুষ সমাবেশে যোগ দেবেন। তিনি বলেন, এটা হবে এক বিশাল মহামিলন, যেখানে মানুষের সমাগম হবে অত্যন্ত ব্যাপক।
ভোরের আকাশ/তা.কা