ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান
শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমীতে দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১ অক্টোবর) এই উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেছেন, হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, আপনারা উৎসাহ-উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব-আনন্দ উদ্যাপন করুন। সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।
বাণীতে তারেক রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একজন বাংলাদেশি হিসেবে আমি মনে করি, উৎসবের ভেতর দিয়েই পরিস্ফুটিত হয়ে ওঠে আমাদের বিভিন্ন ধর্ম-গোত্র-সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ এবং ভ্রাতৃত্ব। আমাদের রাষ্ট্র এবং সংবিধানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী-অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেয়া হয়েছে। সুতরাং, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব।
তিনি বলেন, দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র ও সম্প্রদায় তাদের ধর্ম পালন করবেন আনন্দ ও উৎসাহের সঙ্গে। এটি আমাদের দেশের দীর্ঘকালীন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির এক অনন্য প্রকাশ। একজন বাংলাদেশি হিসেবে আমরা দেখতে পাই, এর মধ্যে আমাদের ভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভাতৃত্ব ফুটে ওঠে।
তিনি আরও বলেন, রাষ্ট্র ও সংবিধান অনুযায়ী, দল, মত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পবিত্র হাদিসেও নির্দেশনা রয়েছে, যে ব্যক্তি রাষ্ট্রের সুরক্ষাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে, তাদের অধিকার হরণ করে বা অনিচ্ছায় অতিরিক্ত কাজ চাপিয়ে দেয়, এমন জুলুমের বিরুদ্ধে প্রিয় নবী সতর্ক করেছেন- কেয়ামতের দিনে আমি সেই ব্যক্তির বিরুদ্ধে লড়ব।
সবশেষে তারেক রহমান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের দল বিএনপির পক্ষ থেকে আবারও দেশের হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানাই।
ভোরের আকাশ/এসএইচ