ঘর থেকে সংসদ: নারীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ

ঘর থেকে সংসদ: নারীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ
শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘর থেকে সংসদে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা, ৩৩ শতাংশ নারী আইন-প্রণেতা, ২০৩০ সালের মধ্যে সারাদেশে সুলভে মানসম্পন্ন ডে-কেয়ার সেবা, প্রাথমিকে ৬০ শতাংশ নারী শিক্ষক পুনর্বহাল, স্কুলগামী নারী শিক্ষার্থীদের জন্য অর্ধেক দামে স্যানিটারি ন্যাপকিন এবং যৌন নিপীড়ন-বিরোধী আইন বাস্তবায়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
নারী সংহতির সভাপতি ড. শ্যামলী শীলের সভাপতিত্বে সমাবেশে নারী সংহতির জাতীয় ও স্থানীয় পর্যায়ের কর্মী-সংগঠকদের পাশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, নারী অধিকার সংগঠন, কিষাণী সভা, ছাত্র সংগঠন-সহ বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকবৃন্দ।
সমাবেশে নারী সংহতির পাঁচ দফা দাবি উপস্থাপন করে মূল বক্তব্য রাখেন নারী সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ।
তিনি বলেন, চটকদার পরিসংখ্যান দিয়ে বাংলাদেশে নারীর বাস্তব পরিস্থিতিকে ধামাচাপা দিয়ে জনমনে ধোঁয়াশা সৃষ্টির মাধ্যমে পুরুষতান্ত্রিক বৈষম্যমূলক ব্যবস্থাকে টিকিয়ে রাখার অপচেষ্টা চলছে।
এই প্রেক্ষাপটেই নারী সংহতি সুনির্দিষ্ট পাঁচটি দাবি নিয়ে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়ে মাঠে নামছে।
সমাবেশে নারী সংহতির কেন্দ্রীয় সহ-সভাপতি এবং বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আখতার বলেন, নারী সংহতির এই পাঁচ দফা কেবল নারীর সমমর্যাদা প্রতিষ্ঠার জন্য নয় বরং এগুলো বাস্তবায়নের সঙ্গে বৃহত্তর সমাজ ও অর্থনীতির স্বার্থও বহুলাংশে জড়িত।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক স্বার্থর বিবেচনাতেও নারীর নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা প্রধানতম পূর্বশর্ত, আর তাই এই পাঁচ দফা বাস্তবায়নের সংগ্রামে নারী সংগঠনগুলোর পাশাপাশি সমান ভূমিকা রাখতে হবে অপরাপর রাজনৈতিক শক্তিগুলোকেও।
নারী সংহতির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাসরিন সুমির সঞ্চালনায় সমাবেশে গান করেন অ্যাক্টিভিস্ট ওয়ারদা আশরাফ, আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, বিআইজিডির গবেষক মাহিন সুলতান, কিষাণী সভার কেন্দ্রীয় সদস্য নাজমা বেগম, শৈশবের প্রতিষ্ঠাতা ফারহানা মান্নান, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সদস্য আকলিমা আক্তার, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা।
সমাবেশে উপস্থিত ছিলেন মনির উদ্দিন পাপ্পু, হাসান মারুফ রুমী, মাহরুখ মহিউদ্দিন, নাদিরা ইয়াসমিন, সীমা দাস সিমা, নাহিদা জাহানসহ বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।
ভোরের আকাশ/ এনউব