২২ বছর পর সিলেট যাচ্ছেন তারেক রহমান, থাকছে সর্বোচ্চ নিরাপত্তা

দীর্ঘ ২২ বছর পর আধ্যাত্মিক রাজধানী সিলেটে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান বুধবার (২১ জানুয়ারি) রাতেই আকাশপথে সিলেটে পৌঁছাবেন। পরদিন বৃহস্পতিবার সকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে আলিয়া মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সর্বশেষ ২০০৪ সালে সিলেটে বিএনপির এক সম্মেলনে যোগ দিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফিরলেও এই প্রথম তিনি সিলেটে পা রাখছেন।
তারেক রহমান সিলেটের ‘জামাতা’ (ডা. জুবাইদা রহমানের পৈতৃক নিবাস সিলেট) হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে তাকে নিয়ে বাড়তি উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পুরো সিলেট শহর ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির জানান, এটি কেবল একটি জনসভা নয়, বরং সিলেটের রাজনৈতিক ইতিহাসের এক মাইলফলক হতে যাচ্ছে। সুনামগঞ্জ ও সিলেট জেলা থেকে অন্তত তিন লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। বিমানবন্দর থেকে জনসভাস্থল পর্যন্ত প্রতিটি রুটে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং নজরদারিতে ড্রোন ব্যবহার করা হবে বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
ভোরের আকাশ/তা.কা