আগামীকাল মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের
মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায়ের দিনে আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) জামায়াতে ইসলামীসহ ৮ দল মাঠে থাকার ঘোষণা দিয়েছে।
রোববার (১৬ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারও ফ্যাসিবাদের পক্ষে কোনো নাশকতার সুযোগ জাতি দেবে না। আওয়ামী লীগ এ সুযোগ পাবে না। তাই আমরা আট দল মাঠে থাকব এবং জনগণের কাছে আমাদের অবস্থান স্পষ্ট করব।
তিনি বলেন, এই কর্মসূচি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আট দল ইতোমধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, আমরা দেশের সংবিধান, আইন এবং গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত রাখতে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য জনগণের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গণভোট ও নির্বাচনের প্রক্রিয়াকে স্বচ্ছ ও ন্যায্যভাবে পরিচালিত করতে সহায়তা করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য নেতা-নেত্রীরাও বলেন, প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষার আংশিক পূরণ হয়েছে। তবে আট দলের পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এসএইচ