জাল ভোট ও মৃত ব্যক্তির ভোট দেওয়ার অভিযোগ

বিভিন্ন অঞ্চলে জাল ভোট এবং মৃত ব্যক্তির ভোট দেওয়ার অভিযোগ তুলেছে বিএনপি। ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে এ ধরনের অনিয়মের কথা জানান।
মাহদী আমিন বলেন, “নির্বাচনকে প্রভাবিত করতে কিছু রাজনৈতিক দল গতকাল থেকে সহিংসতা, অর্থ বিতরণ ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল। প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে বিএনপির প্রাপ্ত ভোটের ব্যবধান কমানোর উদ্দেশ্যেই এসব অনিয়ম সংঘটিত হয়েছে।”
বিএনপির মুখপাত্র অভিযোগ করেন, ‘অনেক এলাকায় জালভোট ও মৃত মানুষের ভোট দেওয়া হয়েছে। সিল দেওয়া ব্যালট পাওয়া গেছে। বিএনপির ভোটাররা যেন কেন্দ্রে যেতে না পারে, সে লক্ষ্যে একটি দল ভয়ভীতি দেখিয়েছে।’
বিএনপির বিপুল বিজয় সুনিশ্চিত জানিয়ে তিনি বলেন, ‘ভোট গণনা পর্যবেক্ষণ করছে বিএনপি।’
এ সময় নির্বাচন সম্পন্ন করায় সরকার, নির্বাচন কমিশন, সেনাবাহিনীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান মাহদী আমিন।
ভোরের আকাশ/এনএস