রাজনীতিতেও মেধাবীদের যুক্ত করতে চাই: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনীতির প্রতিটি ক্ষেত্রে মেধাবীদের যুক্ত করতে চায় বিএনপি। যারা দেশ ও জাতি গঠনে দূরদর্শী চিন্তা করবে, তারাই দেশের প্রকৃত সম্পদ।
রবিবার রাজধানীর কুরিলের যমুনা ফিউচার পার্কের অডিটোরিয়ামে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলাধুলাকে দলীয়করণ ও রাজনীতিকরণের বাইরে রাখার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “দেশের স্বাস্থ্য ও আত্মরক্ষায় ক্যারাটে প্রতিযোগিতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ফুটবল, ক্রিকেট, হকি এবং অন্যান্য খেলাধুলার সামগ্রিক উন্নয়নেও বিএনপি কাজ করবে।”
তিনি জানান, ভবিষ্যতে উপজেলা পর্যায়ে পর্যাপ্ত খেলার মাঠ, ইনডোর ও আউটডোর গেমসের সুযোগ সৃষ্টি এবং প্রতিটি উপজেলায় অন্তত একটি জিমনেশিয়াম প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এতে করে উপজেলা পর্যায় থেকেই অনেক প্রতিভাবান খেলোয়াড় জাতীয় পর্যায়ে উঠে আসবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, খেলাধুলায় অংশগ্রহণ তরুণদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি অপরাধপ্রবণতা হ্রাসে সহায়তা করে। যেখানে বেশি খেলার মাঠ ও গ্রন্থাগার থাকে, সেখানে অপরাধের হার তুলনামূলকভাবে কমে।
তিনি বলেন, দেশে খেলার মাঠ কমে যাচ্ছে। সুযোগ পেলে এগুলো ফিরিয়ে আনা হবে। একইসঙ্গে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি গ্রন্থাগার প্রতিষ্ঠার মাধ্যমে জাতিগঠন ও জাতীয় চরিত্র বিকাশেও কাজ করতে হবে।
ভোরের আকাশ // হ.র