এই সময়ে প্রকাশিত সাক্ষাৎকার ভুয়া, এআই দিয়ে বানানো: মির্জা ফখরুল

কলকাতাভিত্তিক অনলাইন গণমাধ্যম ‘এই সময়’-এ প্রকাশিত তার একটি সাক্ষাৎকারকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ওই সাক্ষাৎকার তৈরি করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে ইউএনবি-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সাক্ষাৎকারটি সম্পূর্ণ ভুয়া। তারা এআই ব্যবহার করে এই মিথ্যা ও বিভ্রান্তিকর রিপোর্ট বানিয়েছে।”
তিনি আরও বলেন, কলকাতার এই সময়–এ প্রকাশিত প্রতিবেদন সম্পূর্ণ মনগড়া ও কাল্পনিক। প্রতিবেদনে তার নামে যে মন্তব্য প্রকাশ করা হয়েছে, তা ‘অযৌক্তিক ও উদ্দেশ্যমূলক’। ফখরুলের ভাষায়—
“আমি ওই গণমাধ্যমে কোনো সাক্ষাৎকার দিইনি। এমনকি কলকাতার কোনো সংবাদমাধ্যমের সঙ্গেও আমার কোনো আলাপ হয়নি।”
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বিএনপি মহাসচিব।
ভোরের আকাশ//হ.র