জুলাই শহিদদের স্মরণে ছাত্রদলের সমাবেশ শুরু
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে শাহবাগে সমাবেশ শুরু করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (৩ আগস্ট) দুপুর ৩টা ১৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে।
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া, দলের সিনিয়র নেতা ও সাবেক ছাত্রনেতারাও এ সময় উপস্থিত ছিলেন।
এ দিকে সরেজমিনে দেখা যায়, দুপুর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও তাতে দমে যাননি ছাত্রদলের নেতাকর্মীরা। বরং বৃষ্টির মধ্যেই স্লোগান আর মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে আসতে থাকেন। সমাবেশকে ঘিরে শাহবাগ ও এর আশপাশের এলাকা নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। তাদের কণ্ঠে শোনা যায় গণতন্ত্র পুনরুদ্ধারের স্লোগান।
এদিকে মূল মঞ্চের এক পাশের ব্যানারে স্থান পায় জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় ও বিগত ফ্যাসিস্ট শাসন আমলে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে শহীদ হওয়া নেতাকর্মীদের ছবি দেখা যায়। সমাবেশকে কেন্দ্র করে জনদুর্ভোগ কমাতে এবং শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদল ছয়দফা নির্দেশনা জারি করেছে।
উল্লেখ্য, ছাত্রদলের এই কর্মসূচিটি প্রথমে জাতীয় শহিদ মিনারে হওয়ার কথা ছিল এবং এর অনুমতিও ছিল। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে সমাবেশটি শাহবাগে স্থানান্তর করা হয়। সমাবেশের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য ছাত্রদল আগাম দুঃখ প্রকাশ করেছে।
ভোরের আকাশ/এসএইচ