দেশ গড়তে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

দেশকে নতুন করে গড়তে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীতে বিএনপির মহিলা দলের এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “এই দেশে যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য নারী সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ হওয়া উচিত, তেমন মানবিক ও গণতান্ত্রিক দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীরা ঐতিহাসিকভাবে ভূমিকা রেখেছেন। নারী শক্তিকে উন্নয়ন পরিকল্পনার বাইরে রেখে কোনো রাষ্ট্রই সামনে এগোতে পারে না। তবে দেশের বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিকভাবে নারীরা এখনও অনেক পিছিয়ে। এই অবস্থার উন্নয়নে বিএনপির পক্ষ থেকে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
নারীদের শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা গেলে পারিবারিক সহিংসতা রোধ করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
এ সময় তারেক রহমান ঘোষণা দেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে প্রথম পর্যায়ে অন্তত ৫০ লাখ প্রান্তিক পরিবারকে 'ফ্যামিলি কার্ড' প্রদান করা হবে।
ভোরের আকাশ//র.ন