নুরুল ইসলাম নয়ন
আমাদের প্রতিদ্বন্দ্বীরা স্বাধীনতা ও দেশবিরোধী শক্তি

ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বে যাদের কোনো অবদান নেই, বরং যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজ তারাই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে দাঁড়িয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার চরফ্যাশন সরকারি টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নয়ন বলেন, “১৯৭১ সালে একদিকে ছিল স্বাধীনতার সংগ্রাম, অন্যদিকে ছিল দাসত্বের শৃঙ্খল। আমাদের প্রতিদ্বন্দ্বীরা তখন স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে দাসত্বকেই বেছে নিয়েছিল।
তারা পাকবাহিনীর সহযোগী হয়ে নিরীহ মানুষ, মুক্তিযোদ্ধা ও মা-বোনদের ওপর নির্যাতনের পথ প্রশস্ত করেছিল। ইতিহাস তাদের সেই ভূমিকার সাক্ষী হয়ে আছে।”
তিনি আরও বলেন, “গত ১৬ বছর তারা ফ্যাসিবাদী শক্তির সঙ্গে হাত মিলিয়ে রাজনীতি করেছে। যেখানে দেশের মানুষ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে, সেখানে তারা সব সময় গণতন্ত্রবিরোধী অবস্থান নিয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণ গণতন্ত্র ফিরে পেতে লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা সেই আন্দোলনের বিপরীত স্রোতে থেকেছে।”
চরফ্যাশনের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে নয়ন বলেন, “আমি ইতোমধ্যে তারেক রহমানের কাছে চরফ্যাশনের নানা সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেছি।
বিএনপি ক্ষমতায় এলে এখানে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, নদীভাঙন রোধে কার্যকর প্রকল্প বাস্তবায়ন এবং ভোলা–বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী লেলিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/নি. ব