শেখ হাসিনা দেশ ছাড়লেও শয়তানি বন্ধ হয়নি : মির্জা ফখরুল

ছাত্র আন্দোলনের চাপে শেখ হাসিনা দেশ ছাড়লেও তার শয়তানি বন্ধ হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিএনপির উদ্যোগে আয়োজিত খাল পরিচ্ছন্নতা কর্মসূচির আগে সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, “আওয়ামী লীগের মতো চাটুকার দলে বিএনপি পরিণত হতে পারে না। নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শে অটল থাকতে হবে। জনগণের ভালোবাসা পেতে হলে নীতির ওপর টিকে থাকতে হবে।”
তিনি আরও বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি কোনো আপস করবে না। প্রয়োজনে শেষ রক্তবিন্দু দিয়েও তা রক্ষা করা হবে।”
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, “ছাত্র আন্দোলনের মুখে পালিয়ে গিয়ে ভারতে বসেও শেখ হাসিনা উসকানি দিচ্ছে। আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোকে গোলযোগ সৃষ্টি করতে, মিছিল-মারামারি করতে প্ররোচিত করছে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান— “আপনাদের ওপর যদি আওয়ামী লীগের কোনো হাত পড়ে, সেই হাত ভেঙে দিতে হবে।”
ড. ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, তার রাজনীতি করার ইচ্ছা নেই; তিনি কেবল দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আর আগামী দিনে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করবে বিএনপি।
মির্জা ফখরুল জানান, বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং আইনের শাসন কার্যকর হবে। ছাত্রদলকেও তিনি সতর্ক করে বলেন, ছাত্রসংসদ নির্বাচন বা অন্য কোনো জায়গায় গণ্ডগোল করা যাবে না।
এ ছাড়া পুলিশকে অতীত ভুলে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি এবং সোশ্যাল মিডিয়ায় গুজবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।
ভোরের আকাশ//হ.র