কওমি ঘরানার দলগুলোকে নিয়ে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ হেফাজতের

কওমি ঘরানার ইসলামপন্থি রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনতে উদ্যোগ নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দলগুলোর কাছে আগামী ৩ আগস্টের মধ্যে লিখিত মতামত চাওয়া হয়েছে। ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে সমন্বিতভাবে অংশ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ঘরানার সাতটি ইসলামী দলের শীর্ষ নেতাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় হেফাজতের শীর্ষ নেতাদের পাশাপাশি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় কওমি ঘরানার দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে একটি অভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে নীতিগত আলোচনা হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দলগুলোকে আগামী ৩ আগস্টের মধ্যে তাদের অবস্থান ও করণীয় সম্পর্কে লিখিত মতামত জমা দিতে বলা হয়েছে।
হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক বলয়ে অবস্থান নেওয়ায় নেতাকর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতি কাটিয়ে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, লিখিত মতামত পাওয়ার পর পরবর্তী বৈঠকে নতুন রাজনৈতিক জোটের কাঠামো ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে। স্থানীয় সরকার নির্বাচনসহ ভবিষ্যতের বিভিন্ন নির্বাচনে সমন্বিতভাবে অংশ নেওয়ার বিষয়েও তখন সিদ্ধান্ত হতে পারে।
হেফাজতের আরেক যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, কওমি ধারার দলগুলোকে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ভোরের আকাশ/এনএ