‘শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি’
শিগগিরই বিএনপি দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডি-ফ্যাবের সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, ১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দল। এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। তবে সহসাই মনোনয়ন চূড়ান্ত করা হবে।
নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, এই ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। তিনি বলেন, তারা মাঠে এলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির এক নেতা। তিনি বলেন, কিছু সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। দেশে ফিরে তিনি শুধু বিএনপির নয়, পুরো গণতন্ত্র যাত্রার নেতৃত্ব দেবেন।
২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকে সেখানেই আছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশে ফিরতে পারেননি তিনি। এ সময় বিভিন্ন মামলা ও বিচারের মুখোমুখি হতে হয়েছে তাকে। শেখ হাসিনার পতনের পর তার দেশে আসার পথ খুললেও এখনো আসেননি তিনি। লন্ডন থেকেই দলের কাজ পরিচালনা করছেন।
ভোরের আকাশ/এসএইচ