এলডিসি থেকে উত্তরণে বাণিজ্য সুবিধা হারানোর শঙ্কা প্রকাশ তারেক রহমানের

বাংলাদেশের আসন্ন এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণ দেশের অর্থনীতি ও জনগণের জন্য নতুন চ্যালেঞ্জ বয়ে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শঙ্কা ব্যক্ত করেন।
তিনি লিখেছেন, ২০২৬ সালের নভেম্বরের মধ্যে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে রয়েছে বাংলাদেশ। এ অর্জন নিঃসন্দেহে একটি মাইলফলক হলেও এর সঙ্গে গুরুতর ঝুঁকি ও চ্যালেঞ্জ রয়েছে। দেশের প্রধান চালিকাশক্তি খাতগুলোতে এর প্রভাব কেমন হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
তারেক রহমান মনে করেন, এলডিসি থেকে উত্তরণের ফলে বাংলাদেশের রপ্তানি বিশেষ করে পোশাক শিল্প বড় ধরনের ধাক্কার মুখে পড়তে পারে। কারণ, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এবং বিভিন্ন উন্নত দেশের প্রদত্ত শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা সংকুচিত হবে। একইসঙ্গে সহজ শর্তে ঋণ ও আন্তর্জাতিক সহায়তাও কমে যাবে। এতে দেশের অর্থনীতি চাপে পড়তে পারে এবং প্রয়োজনীয় ওষুধের দাম পর্যন্ত বেড়ে যেতে পারে।
এমন পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার মতে, শুধু পোশাক নয়, তথ্যপ্রযুক্তি, ওষুধ ও মানসম্মত শিল্প খাতের রপ্তানি বাড়াতে হবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে ঋণের চাপ কমানো জরুরি।
তারেক রহমান আরও বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি বাণিজ্য পরিবহন ও আধুনিক অবকাঠামোয় বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। একইসঙ্গে দেশের শ্রমিক, কৃষক ও তরুণদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তাদের ভাগ্যোন্নয়নে সঠিক উদ্যোগ নেওয়াই হবে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতার মূল চাবিকাঠি।
ভোরের আকাশ//হ.র