আক্রোশের শিকার হয়েও ছাত্রদল চায় ডাকসু নির্বাচন: নাসির

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, ক্রমাগত বুলিং ও নানামুখী আক্রোশের শিকার হয়েও ছাত্রদল ডাকসু নির্বাচন এগিয়ে নিতে চায়। তবে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে বা গুপ্ত সংগঠনের সদস্যরা উপাচার্যের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছেন, যা নিয়ে ছাত্রদল গভীরভাবে উদ্বিগ্ন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাসির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে শিবিরের গুপ্ত কর্মীরা যুক্ত থাকার সুস্পষ্ট প্রমাণ রয়েছে।
তিনি বলেন, শিবির কর্মীরা তাদের রাজনৈতিক পরিচয় গোপন করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে আধিপত্য বিস্তার করছে।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছাত্র রাজনীতির ধরন প্রণয়নে শিগগিরই একটি কমিটি ঘোষণা করা হবে। উপাচার্যও স্বীকার করেছেন, ক্যাম্পাসে মবসহ নানা সমস্যার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত।
ছাত্রদলের হল কমিটি থাকবে জানিয়ে নাছির বলেন, হল পর্যায়ে রাজনীতি নিষিদ্ধের বিষয়টি নিয়ন্ত্রিত পর্যায়ে থাকার কথা বলেছেন উপাচার্য, এ ব্যাপারে কমিটি করা হবে প্রশাসনের পক্ষ থেকে।
তিনি আরও বলেন, গুপ্ত রাজনীতি মোকাবিলায় ব্যবস্থা নিতে গেলে অনলাইনে শিক্ষকদের ব্যাশিং করা হয়।
এ দিকে ছাত্রলীগের প্রতিটি পর্যায়ের কমিটির সদস্যদের বিচারের আওতায় আনতে ২৩টি ছাত্র সংগঠনের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিগগিরই ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।
ভোরের আকাশ/এসএইচ