‘ইতিহাসের সাক্ষী হতে দেশ নায়কের গণসংবর্ধনায় এসেছি’

‘ইতিহাসের সাক্ষী হতে দেশ নায়ক এবং আগামী দিনের প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে এবং গণসংবর্ধনায় অংশ নিতে এসেছি’, এমনটাই বলছিলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভার যুবদলের সভাপতি আতাউর রহমান রোমান।
তারেক রহমানের গণসংবর্ধনার জন্য রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় তৈরি হওয়া মঞ্চের সামনে দৈনিক ভোরের আকাশ পত্রিকার বিশেষ প্রতিনিধির সঙ্গে বুধবার (২৪ ডিসেম্বর) আলাপকালে তিনি এমনটাই জানালেন। স্বপ্নের পূর্ণতা দিতেই গণসংবর্ধনা স্থলে আজ সকাল থেকেই বাড়ছে বিএনপির নেতাকর্মীদের ভিড়।
মঞ্চ এলাকা ঘুরে দেখা গেছে, কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার দুই পাশে তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। আর কুড়িল মোড় থেকে বেশ খানিকটা দূরে সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হচ্ছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ। মঞ্চের দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে।
সরেজমিনে আরও দেখা যায়, কুড়িল সংলগ্ন সংবর্ধনা মঞ্চের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি হয়েছে। তারা মিছিলসহকারে সমাবেশ এলাকায় আসছেন। তাদের কেউ কেউ মঞ্চের সামনে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছেন, আবার কেউবা ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘বীরের বেশে তারেক রহমান, আসবে এবার বাংলাদেশে’- এমন নানা স্লোগান দিয়ে এলাকা মুখর করে তুলছেন। সেখানে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের।
এছাড়া সেখানে বিএনপির চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরাও আছেন। এমন সময় কথা হয় বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদের সঙ্গে। মঞ্চের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, ঐতিহাসিক শুভ মুহূর্তের প্রত্যাশায় বুকভরা আশা নিয়ে বিএনপির প্রধান কাণ্ডারি তারেক রহমানের অপেক্ষায় আছেন।
তিনি আরও বলেন, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আমাদের নেতাকে স্বাগত জানাতে এসেছি। আমরা বিশ্বাস করি, মানুষ বিএনপিকে ভোট দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবেন।
নেয়ামুল হক নাহিদের বলেন, আমরা আগেই চলে এসেছি। আমাদের আরও নেতাকর্মী অনুষ্ঠানে আসছেন। আমাদের নেতাকে ঐতিহাসিক স্বাগত জানাতে চাই।
ভোরের আকাশ/এসএইচ