এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও বিশ্বস্বীকৃত’: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘এবারের নির্বাচন হবে বিশ্বের কাছে স্বীকৃত সুষ্ঠু ও প্রশংসিত নির্বাচন। জনগণ এখন নিজেদের ভোটাধিকার সম্পর্কে আগের চেয়ে বেশি সচেতন। তারা নিজেরাই ভোট পাহারা দেবেন। গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না—এবার তা ফিরে এসেছে।’
শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় মহিলা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ আসনে এটি ছিল দিনের দ্বিতীয় বৃহৎ নির্বাচনী সমাবেশ।
সমাবেশে তিনি বলেন, ‘দেশের মানুষ এখন পরিবর্তন চায়। চায় ন্যায়বিচার, শান্তি ও সমৃদ্ধি। বিএনপি যে ইশতেহার দেবে, তা হবে বাস্তবসম্মত, জনমুখী ও পরিবর্তনের অঙ্গীকার।’
তিনি অভিযোগ করে বলেন, ‘শেখ হাসিনা বাকশালের মাধ্যমে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। গণঅভ্যুত্থানে জনগণ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। দেশের অস্তিত্ব ও স্বাধীনতায় তিনি কখনো বিশ্বাসী ছিলেন না।’
বক্তব্যের এক পর্যায়ে ধানের শীষের পক্ষে ভোট চান সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আপনাদের একটি ভোটই পারে দেশের ভাগ্য বদলে দিতে। আমার নেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি, প্রশাসন ও বিচারব্যবস্থার চলমান সংকট পুনর্গঠন করে নাগরিক স্বাধীনতা ও শান্তি প্রতিষ্ঠা করা হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমেদের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ভোরের আকাশ/এসএইচ