হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানের ভিডিওটি পুরোনো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার (১ ডিসেম্বর) রাতে জানান যে তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দাবি করা হয়, তারেক রহমান দেশে ফিরছেন। কিন্তু এই ভিডিওটি পুরোনো।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট জানিয়েছে, ভিডিওটি পুরোনো এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই।
ভিডিওটি ফেসবুকে শেয়ার করে অনেকে বলছেন, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানকে দেখা গেছে। কেউ কেউ দাবি করছেন, তিনি দেশে ফিরছেন। কিন্তু দ্য ডিসেন্ট বলছে, ভিডিওটি চলতি বছরের জুন মাসের। সে সময় তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান বাংলাদেশ থেকে লন্ডনে পৌঁছালে তিনি তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। ভিডিওটি তখনকার সেই মুহূর্তেই ধারণ করা।
এদিকে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমান লেখেন, বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।
তিনি লেখেন, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে। দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস।
তিনি আরও লেখেন, মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইল।
ভোরের আকাশ/এসএইচ