নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, তা বিএনপিকে আরও শক্তিশালী করবে।আগামী জাতীয় নির্বাচন দেশের পক্ষের যে শক্তি রয়েছে, তা বিএনপিকে বিজয়ী করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল ছিলেন। তিনি কারাবরণ করেছেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পরও দেশ ছেড়ে যাননি। দেশের প্রতি তার ভালোবাসা এবং মাটির প্রতি টান মানুষের আবেগকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, দেশের ক্রান্তিলগ্নে তার অভিভাবকসুলভ নেতৃত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তাই তার প্রয়াণে মানুষ গভীরভাবে ব্যথিত হয়েছে এবং সেই আবেগ থেকেই তারা জানাজায় সমবেত হয়েছে। জনগণ আশা করে, দেশনেত্রীর বিদায়ের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব আরও দৃঢ়ভাবে পালন করবে দেশের জনগণ।
নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, দেশের পক্ষের যে শক্তি মাঠে রয়েছে, তারা আগামীর নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে ভূমিকা রাখবে এবং বিএনপিকে বিজয়ের দিকে নিয়ে যাবে।
তিনি বলেন, বেগম জিয়ার প্রতি মানুষের ভালোবাসা জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করবে। তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরও সুদৃঢ় হবে জনগণ এ বিশ্বাস ধারণ করে।
ভোরের আকাশ/তা.কা