খাল খেটে কুমির আনা যাবে না: গয়েশ্বর
খাল খনন নিয়ে একসময় সমালোচনা হতো উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খাল খননের পেছনে মহৎ উদ্দেশ্য ছিল। খালের মধ্যে যে একটা কুমির ছিল, এটা কেউ খেয়াল করেনি। সেই কুমিরটা ১৭ বছর মানুষকে যন্ত্রণা দিয়ে এখন দিল্লিতে পালিয়ে আছে। তাই খাল খেটে কুমির আনা যাবে না। খাল কেটে স্বচ্ছ পানি আনতে হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মুগদার পূর্ব মানিকনগর বালুর মাঠসংলগ্ন এলাকায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অদৃশ্য শত্রুকে মোকাবিলা করা কঠিন। কিছু অনুমান করা যায়, কিন্তু চোখে দেখা যায় না। কারণ চিহ্নিত শত্রু মোকাবিলা করা সহজ। যেই শত্রুকে চোখে দেখা যায় না, তাকে মোকাবিলা করা খুব কঠিন।
বিএনপি সরকারে নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি কিন্তু সরকারে নেই। আপনারা অনেক দাবি-দাওয়া করেন। আগে আমাদের সরকার পরিচালনার দায়িত্ব দেবেন, তারপরে যত দাবি আছে করেন।
গয়েশ্বর আরও বলেন, এই যে মাঝে মাঝে নানা ঘটনা দেখেন। এটা হলো যে আপনাদের ভোটের অধিকারটা যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে।
কর্মসূচি উদ্বোধন করে নেতাকর্মীদের নিয়ে খাল পরিষ্কার করতে যান গয়েশ্বর চন্দ্র রায়। হাতে নিড়ানি তুলে নিয়ে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেন তিনি। বেলা সোয়া একটার দিকে খালের পাশে একটি জায়গায় বৃক্ষরোপণ করেন গয়েশ্বর। পরে বালুর মাঠ ইউনিট বিএনপির সেক্রেটারি মেহেদী হাসানের নেতৃত্বে খাল পরিষ্কার কার্যক্রম চলমান রাখা হয়। স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীসহ অন্তত ৪০ জন এই কার্যক্রমে অংশ নেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ