ডাকসু নির্বাচনে বিজয়ীদের সাবেক ভিপি নুরের শুভেচ্ছা

জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করার জন্য।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে ফেসবুক পোস্টে নুর লেখেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক ডাকসু ও হল সংসদের নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
একইসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যারা অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে একটি অত্যন্ত প্রাণবন্ত, অংশগ্রহণমূলক সফল নির্বাচন সম্পন্ন করেছেন।
তিনি উল্লেখ করেন, আশা করি, নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে নিয়ে ছাত্ররাজনীতিতে একটি নব দিগন্তের সূচনা করবেন। যেখানে ছাত্ররাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো থাবা-মুক্ত এবং শিক্ষার্থী তথা জাতির কল্যাণে। ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের লেখাপড়া-গবেষণা, গান-কবিতা, আড্ডা-বন্ধুত্ব,সাহিত্য-সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি।
তিনি আরও বলেন, পরিশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানাবো ডাকসু ও হল সংসদ নির্বাচনকে অন্যান্য অ্যাকাডেমিক কার্যক্রমের মতোই একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করার উদ্যোগ গ্রহণ করুন, যেন প্রতি বছর যথাসময়ে নির্বাচন হয়।
ভোরের আকাশ/এসএইচ