ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ফজলুর রহমানকে দেওয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়েছে, গত ২৪ আগস্ট তার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তিনি নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার সময় আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়। তবে তিনি মঙ্গলবার যে জবাব দেন, তা সন্তোষজনক নয়।
চিঠিতে আরও বলা হয়, বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হলো।
এ ছাড়া এখন থেকে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা, দলের নীতিমালা এবং জনগণের ধর্মীয় অনুভূতিকে আঘাত না করার বিষয়ে ফজলুর রহমানকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।
ভোরের আকাশ/এসএইচ