এসএসসি ও সমমানে কৃতকার্যদের চরমোনাই পীরের অভিনন্দন
কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীদের নতুন উদ্যমে পথচলার আহ্বান

এসএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। একই সঙ্গে প্রত্যাশিত ফল অর্জন করতে না পারা শিক্ষার্থীদের হতাশ না হয়ে নিজেদের ঘাটতি চিহ্নিত করে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এক বিবৃতিতে এসব কথা বলেন চরমোনাই পীর।
তিনি বলেন, ফলাফল যাই হোক, পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তারা জীবনের একটি গুরুত্বপূর্ণ উচ্চতর স্তরে পৌঁছেছে।
কাঙ্ক্ষিত ফল অর্জনকারীদের বিশেষ অভিনন্দন জানিয়ে মুফতি রেজাউল করীম বলেন, আজকের দিনটি তাদের জীবনের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। এ সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। তাঁর দয়া ও রহমতেই এ সাফল্য অর্জিত হয়েছে। একই সঙ্গে বাবা-মা ও শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কারণ, তারাই এই সাফল্যের ভিত্তি তৈরি করেছেন।
প্রত্যাশিত ফল অর্জন করতে না পারা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ধৈর্য ধারণ করতে হবে। ভেঙে পড়া বা হতাশ হওয়া যাবে না। জীবন অনেক বড় এবং এ জীবনে সম্ভাবনাও অনেক। এসএসসি বা সমমানের পরীক্ষা গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হলেও এটিই জীবনের চূড়ান্ত বা শেষ মাইলফলক নয়।
চরমোনাই পীর বলেন, পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় কষ্ট হতে পারে। তবে এ কারণে ভেঙে পড়া যাবে না। বরং কোথায় ঘাটতি ছিল, তা খুঁজে বের করে নতুন উদ্যমে পথচলা শুরু করতে হবে।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, সন্তানের পাশে থাকতে হবে। যারা সফলতা পেয়েছে, তাদের মধ্যে কৃতজ্ঞতাবোধ জাগ্রত করতে হবে। আর যারা প্রত্যাশিত ফল পায়নি, তাদের সান্ত্বনা দিয়ে আশার পথ দেখাতে হবে।
ভোরের আকাশ/সু.পা