প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় সুখবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদ পূরণে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। ডিসেম্বরের মধ্যেই সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
শনিবার (২৩ আগস্ট) কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
মহাপরিচালক বলেন, বর্তমানে সাড়ে ১৩ হাজার পদ শূন্য রয়েছে। আগস্টের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং ডিসেম্বরের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
মতবিনিময় সভার প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, প্রত্যন্ত অঞ্চল যেমন হাওর বা চরাঞ্চলে শিক্ষকরা চাকরি করতে চান না। অনেকেই শহরে বদলি হতে চান। এ কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মতে, এ সমস্যার মূল কারণ সামাজিক ও রাজনৈতিক প্রভাব।
সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারাও একই গ্রেডে থাকায় প্রশাসনিক শৃঙ্খল ভেঙে যাবে—এমন আশঙ্কা ভিত্তিহীন। তবে কর্মকর্তাদের গ্রেড উন্নয়নের বিষয়টিও বিবেচনায় আনা প্রয়োজন।
ভোরের আকাশ/হ.র