ইংরেজি-গণিতে অকৃতকার্য বেশি, আইসিটিতে পাসের হার সর্বোচ্চ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সব শিক্ষা বোর্ডেই তুলনামূলকভাবে ইংরেজি ও গণিতে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। অন্যদিকে, আইসিটি বিষয়ে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে ইংরেজিতে ৭৮ দশমিক ৪০ শতাংশ এবং গণিতে ৮২ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। রাজশাহী বোর্ডে ইংরেজিতে পাসের হার ৭৪ দশমিক ৭ শতাংশ এবং গণিতে ৭৭ দশমিক ১৭ শতাংশ।
কুমিল্লা বোর্ডে ইংরেজি ও গণিতে পাসের হার যথাক্রমে ৮১ দশমিক ২৯ ও ৮১ দশমিক ৭৫ শতাংশ। যশোর বোর্ডে এ দুই বিষয়ে পাসের হার যথাক্রমে ৭১ দশমিক ৮৪ ও ৮৩ দশমিক ৩৪ শতাংশ।
চট্টগ্রাম বোর্ডে ইংরেজিতে ৭২ দশমিক ২৭ শতাংশ এবং গণিতে ৮০ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বরিশাল বোর্ডে ইংরেজিতে পাসের হার ৬৯ দশমিক ২৪ শতাংশ এবং গণিতে ৭৭ দশমিক ৯৮ শতাংশ।
সিলেট বোর্ডে ইংরেজিতে ৬৯ দশমিক ১১ শতাংশ এবং গণিতে ৭৫ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। দিনাজপুর বোর্ডে ইংরেজি ও গণিতে পাসের হার যথাক্রমে ৭২ দশমিক ৯১ ও ৭১ দশমিক ০৫ শতাংশ।
ময়মনসিংহ বোর্ডে ইংরেজিতে ৬৬ দশমিক ৬৪ শতাংশ এবং গণিতে ৬৯ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। মাদ্রাসা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৭৯ দশমিক ২১ শতাংশ এবং গণিতে ৬৯ দশমিক ৯৭ শতাংশ। আর কারিগরি বোর্ডে ইংরেজিতে ৯৪ দশমিক ৭৯ শতাংশ এবং গণিতে ৭০ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন।
অন্যদিকে, আইসিটি বিষয়ে সব বোর্ডেই তুলনামূলকভাবে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। অথচ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
এ ছাড়া, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।
ভোরের আকাশ/সু.পা