মারকাযুল ফাতাওয়ায়
প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণায় চলছে পাঁচ দিনব্যাপী বিশেষায়িত কর্মশালা

রাজধানীর মিরপুরে অবস্থিত মারকাযুল ফাতাওয়া আল-ইসলামিয়া, ঢাকা এবং দারুল মাখতূতাত, ইস্তাম্বুল (তুরস্ক)-এর যৌথ উদ্যোগে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার ওপর পাঁচ দিনব্যাপী বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২ আগস্ট শুরু হওয়া এ কর্মশালার চতুর্থ দিনের কার্যক্রম শেষ হচ্ছে। আগামী ৬ আগস্ট (বৃহস্পতিবার) এই বিশাল কর্মশালা সমাপনী হবে।
‘খিদমাতুন নস’ (পাঠ/বক্তব্য ও বিবরণ পরিচর্যা) শীর্ষক এ কর্মশালায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ৫০ জনের বেশি আলেম ও গবেষক অংশগ্রহণ করেছেন। বাংলাদেশে প্রাচীন পাণ্ডুলিপি গবেষণা এবং নিরীক্ষামূলক পাঠসম্পাদনা (তাহকীক) চর্চাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার পাশাপাশি গবেষণার ফলাফল আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, কর্মশালায় তা'লীক (টীকাকরণ), তাখরিজুন নুসূস (উদ্ধৃতি ও উৎসনির্ণয়), দিরাসা (ভূমিকা ও পাঠসমীক্ষা), ফাহরাসা (সূচি প্রণয়ন) এবং আলাকাতুন নুসূস (পাঠসমূহের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ) বিষয়ক তাত্ত্বিক আলোচনার পাশাপাশি হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রশিক্ষক হিসেবে অংশ নিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও পাণ্ডুলিপি বিশেষজ্ঞরা। তাঁদের মধ্যে রয়েছেন দারুল মাখতূতাত (ইস্তাম্বুল) এবং আলেপ্পোর দারুল ফুকাহা ও দারুল ইরফান-এর মহাপরিচালক ড. মাহমুদ মাসরি এবং দারুল মাখতূতাত-এর নির্বাহী পরিচালক ও মা'হাদুল মাখতূতাতিল আরাবিয়্যা (মিসর)-এর সাবেক মহাপরিচালক ড. ফায়সাল হাফয়ান।
আয়োজকদের মতে, কর্মশালাটি ইতোমধ্যে গবেষক ও আলেমদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তাদের আশা, এ ধরনের প্রশিক্ষণ প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণায় দক্ষ গবেষক তৈরির পাশাপাশি ইলমি গবেষণা, জ্ঞানচর্চা ও মানবকল্যাণে নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মারকাযুল ফাতাওয়া আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক (মুফতি) মুহাম্মাদ ইয়াহইয়া হাফিজাহুল্লাহ বলেন, প্রাচীন পাণ্ডুলিপির ওপর হাতে-কলমে প্রশিক্ষণ একজন গবেষককে নতুনভাবে সমৃদ্ধ করে এবং উম্মাহর কল্যাণে ইলমের প্রচার, প্রসার ও গবেষণার নতুন দ্বার উন্মুক্ত করতে সহায়ক ভূমিকা পালন করে।
ভোরের আকাশ/এনএ