সাহিত্যচর্চার মাধ্যমে ইংরেজি শিক্ষা উপভোগ্য করার আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও সেন্টার ফর ইংলিশ টিচিং অ্যান্ড রিসার্চ (সিইটিআর)-এর যৌথ উদ্যোগে ‘English Literature and Language Education in a Changing World’ শীর্ষক পোস্টগ্র্যাজুয়েট স্টুডেন্ট রিসার্চ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সিইটিআর-এর পরিচালক অধ্যাপক ড. নেভিন ফরিদা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাজিয়া মনজুর এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নোশিন তাবাসসুম সিদ্দিকী।
বক্তারা বলেন, বর্তমান আর্থ-সামাজিক ও প্রযুক্তিগত পরিবর্তনের বাস্তবতায় ইংরেজি শিক্ষার প্রচলিত ধারা পরিবর্তন করে সময়োপযোগী ও বহুমুখী শিক্ষাপদ্ধতি চালু করা প্রয়োজন। তারা মনে করেন, শুধু প্রচলিত পাঠ্যক্রম নয়, আধুনিক পেশাগত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ইংরেজি শিক্ষাকে আরও কার্যকর ও ব্যবহারিক করে তুলতে হবে।
আলোচনায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ গবেষণায় সম্পৃক্ত হওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ইংরেজি ভাষা শিক্ষাকে আরও আকর্ষণীয় ও উপভোগ্য করে তুলতে সাহিত্যচর্চা বাড়ানোর আহ্বান জানান বক্তারা।
সেমিনারে অংশগ্রহণকারীরা গবেষণাভিত্তিক শিক্ষা, সমন্বিত একাডেমিক উদ্যোগ এবং পরিবর্তিত বিশ্বে ইংরেজি ভাষা ও সাহিত্য শিক্ষার নতুন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
ভোরের আকাশ/জেআ