সাংবাদিক শিবলীর পরিবারের পাশে ডাকসুর নেতারা, ২ লাখ টাকা অনুদান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা যাওয়া চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের খোঁজখবর নিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এম এম ফরহাদ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তারা শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান।
এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে নিহত সাংবাদিকের পরিবারের হাতে দুই লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি সংগঠনটির পক্ষ থেকে ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়।
অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এম এম ফরহাদসহ সংগঠনের অন্যান্য নেতারা।
ঘটনাটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান ডাকসুর জিএস এম এম ফরহাদ। তিনি লেখেন, “ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান—চার বছর বয়সী আয়াত ও দেড় বছরের আজমীন।”
ফরহাদ আরও উল্লেখ করেন, “আয়াত আমাকে বলছিল, বাবা আর ফিরবেন না। তাই আমি মা ও ছোট বোনের খোঁজ রাখব।” ছোট্ট শিশুর মুখে এমন কথা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। পরিবারের প্রাথমিক চাহিদার জন্য আমরা দুই লাখ টাকা প্রদান করেছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা করব।”
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় সরাসরি সংবাদ প্রচারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক তরিকুল শিবলী। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোরের আকাশ//হ.র