পূর্ণাঙ্গ সিলেবাসে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা মে-জুন মাসে
আগামী ২০২৬ সালের এইচএসসি, আলীম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণসময়ে ও পূর্ণনম্বরে অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের মে-জুন মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে এমনটাই জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
শনিবার (২৩ আগস্ট) এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এসব শিক্ষার্থী ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশ নিবেন।
২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণসময়ে ও পূর্ণনম্বরে অনুষ্ঠিত হবে।
সব শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ