পরীক্ষায় নকল সরকারের ওপর নির্ভর করে,এবার হবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমি জানি এবার পরীক্ষায় নকল হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ সরকারের ওপর নির্ভর করে নকল করা। এই শিক্ষকরাই নকল বন্ধ করেছিল, এই শিক্ষকরাই নকল করিয়েছে।
সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ড-এর কেন্দ্রসচিবদের সাথে মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। এর আগে সকাল পৌনে ১১ টা থেকে নগরের টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই সভা শুরু হয়।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে এখন আর কাউকে শাস্তি দেওয়া যায় না, সেখানে কিছু নেই। এই আইন সংশোধনের জন্য কাজ চলছে। সেখানে ডিজিটাল আইন ঢুকাতে হবে।
তিনি আরও বলেন, নকল করায় ছাত্র-শিক্ষককে শাস্তি দিচ্ছেন কিন্তু কেন্দ্র পরিদর্শককে শাস্তি দিচ্ছে না। কেন্দ্রের বেঞ্চের নিচে বাথরুমে নকল ঢুকিয়ে রাখে, এটি কে করে নিশ্চই অথরিটি করে। বাইরে থেকে মন্ত্রী-এমপিদের লোকজন মব করে নকল সাপ্লাই দিলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কাউকে ছাড়া যাবে না।
এহছানুল হক মিলন বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শিক্ষাবর্ষের মধ্যেই শেষ করার পরিকল্পনা করা হচ্ছে। বর্তমান ব্যবস্থায় অতিরিক্ত ৬ মাস সময়ে চলে যায়। সে জন্য স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলছি, মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি।
তিনি আরও বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে একদিন অনলাইনে একদিন অফলাইনে ক্লাস শুরুর বিষয়ে এখনও আলোচনা চলছে। সেটি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এটি হলেও শুধু মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে।
এ সময় পরিদর্শন শেষে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় করার ঘোষণাও দেন মন্ত্রী।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আমনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ, সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক মিঞা মো. নূরুল হক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান প্রমুখ।
ভোরের আকাশ/এনউব