সোমবার সকালে এসএসসির ফল প্রকাশ, অনলাইন-এসএমএসে যেভাবে জানবেন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে। দেশের সব শিক্ষা বোর্ডের ফলাফল একই সময়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, অনলাইন ও এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।
গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে। অনলাইনে ফল দেখতে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
অনলাইনে যেভাবে ফল জানা যাবে
শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে Examination অপশন থেকে SSC/Dakhil নির্বাচন করতে হবে। এরপর Year অপশন থেকে ২০২৬ নির্বাচন করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বেছে নিতে হবে। রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করলে ফলাফল দেখা যাবে।
এসএমএসে ফল দেখার নিয়ম
এসএসসি পরীক্ষার্থীরা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে—
SSC <Board-এর প্রথম তিন অক্ষর> <Roll> <Year> এই ফরম্যাটে লিখে ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।
উদাহরণ: SSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
এ ছাড়া এসএমএসের মাধ্যমে ১৬২২২ নম্বরেও ফলাফল জানা যাবে।
দাখিল পরীক্ষার্থীদের জন্য
মাদ্রাসা শিক্ষার্থীদের ফলাফল জানতে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। এজন্য—
Dakhil <Board-এর প্রথম তিন অক্ষর> <Roll> <Year> ফরম্যাটে লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে উদাহরণ: Dakhil MAD 123456 2026।
প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে তাদের মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পৌঁছে যাবে।
কারিগরি শিক্ষার্থীদের জন্য
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা—
SSC <Board-এর প্রথম তিন অক্ষর> <Roll> <Year> ফরম্যাটে লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফলাফল জানতে পারবে।
উদাহরণ: SSC TEC 123456 2026।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত ওয়েবসাইট থেকে তাদের ফলাফল শিট সংগ্রহ করতে পারবে। এজন্য বোর্ডের ওয়েবসাইটের Result Corner-এ গিয়ে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফলাফল শিট ডাউনলোড করা যাবে।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকা অফিস থেকে সরাসরি ফলাফল সংগ্রহের সুযোগ থাকবে না।
চলতি বছরের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।
ভোরের আকাশ/এনউব