রাবিতে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি। পাশাপাশি সোমবার (২২ সেপ্টেম্বর) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার কর্মসূচিও ঘোষণা করেছে তারা।
ফোরামের সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক ড. মো. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা শিক্ষকদের লাঞ্ছিত করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতিও পোষ্য কোটা স্থগিত রাখার প্রতিবাদে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছিল।
প্রসঙ্গত, রাবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির জন্য আগে থেকেই ৪ শতাংশ পোষ্য কোটা কার্যকর ছিল। তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব এ কোটা বাতিলের ঘোষণা দেন। এরপর থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এটিকে ‘প্রাতিষ্ঠানিক সুবিধা’ হিসেবে দাবি করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর বিকেলে একাডেমিক কমিটির জরুরি সভায় শর্তসাপেক্ষে এ সুবিধা ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শিক্ষার্থীরা এর বিরুদ্ধে আবারও আন্দোলনে নামেন। তাদের আন্দোলনের মুখে শনিবার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে উপাচার্য নির্বাহী আদেশে পুনরায় পোষ্য কোটা স্থগিত ঘোষণা করেন, যা রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে সিন্ডিকেট সভায় অনুমোদন পায়।
ভোরের আকাশ // হ.র