প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার শিক্ষক নিয়োগ, আসছে বিধিমালায় পরিবর্তন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রায় ১৭ হাজার জন নিয়োগ দিতে যাচ্ছে সরকার। চলতি আগস্টের শেষ সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদ্যমান সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। ইতোমধ্যে সংশোধিত খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া মাত্রই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সংশোধিত বিধিমালায় নারী কোটা ও পোষ্য কোটাসহ কয়েকটি কোটা বাতিলের প্রস্তাব রয়েছে। একই সঙ্গে অধিদপ্তর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগবিধিতেও পরিবর্তন আনা হচ্ছে। এতদিন যেসব পদে পদোন্নতির সুযোগ ছিল না, নতুন বিধিমালায় সেই সুযোগ রাখা হয়েছে।
সূত্র আরও জানিয়েছে, এবার সহকারী শিক্ষক নিয়োগের মধ্যে সহকারী শিক্ষক (সংগীত) পদে ২ হাজার ৫৮৩ জন এবং সহকারী শিক্ষক (শরীরচর্চা) পদে সমান সংখ্যক—২ হাজার ৫৮৩ জন—নিয়োগ দেওয়া হবে।
ভোরের আকাশ//হ.র