দুইদিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

আগামী মাসে দুইদিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে মেট্রোরেলের এ স্টেশনটি বন্ধ রাখা হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ কথা জানান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী।
তিনি বলেন, নির্বাচন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ ঠেকাতে নির্বাচনের দিন ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) এবং তার আগের দিন ৮ সেপ্টেম্বর (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে। এছাড়া, ভোটের সাত দিন আগে থেকে কোনো বহিরাগত হলে থাকতে পারবে না।
তিনি আরও বলেন, ভোটের দিন পুরো ক্যাম্পাস সিলগালা থাকবে এবং শুধুমাত্র বৈধ ভোটাররাই প্রবেশ করতে পারবে। ওইদিন নির্দিষ্ট কার্ডধারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বলে জানান তিনি।
এ দিকে আজ থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন কমিশন পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে এবং প্রার্থীদের নির্ধারিত সময়সূচি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছে।
ভোরের আকাশ/এসএইচ