পুন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ‘সিএসই ফেস্ট-২০২৬’ সম্পন্ন

বগুড়ার পুন্দ্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (পিইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘সিএসই ফেস্ট-২০২৬’ সম্পন্ন হয়েছে। গত ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, রোবো সকার, ট্রেজার হান্ট, ক্রিকেট ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা, দাবা, আইডিয়া প্রেজেন্টেশন, প্রোগ্রামিং ও টাইপিং প্রতিযোগিতা, ফ্রি ফায়ার, লুডু ও ই-ফুটবল টুর্নামেন্ট এবং হ্যাকাথনসহ নানা আয়োজন।
উৎসবের শেষ দিনে অ্যালামনাই রেজিস্ট্রেশন, ডার্ট প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল, গ্র্যান্ড ক্লোজিং সেরিমনি, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পিইউবির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পিইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, পুন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বিওটির ভাইস চেয়ারম্যান রোটা. ডা. মো. মতিউর রহমান এবং বিওটির সদস্য আয়শা বেগম। এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল ও বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. নাজমা আক্তার।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ডেজিগনেট) প্রফেসর মুহাম্মদ মুনজুর মুরশিদুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. শহীদুর রহমান এবং রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
পাঁচ দিনব্যাপী এ উৎসবকে ঘিরে পুন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং স্বনামধন্য ব্যান্ডদল ‘বাগধারা’র সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
ভোরের আকাশ/জেআ