২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের নিয়োগ দ্রুত কার্যকরের নির্দেশ

২৭তম বিসিএসে বঞ্চিত এক হাজার ১৩৭ জনকে নিয়োগ দিতে হাইকোর্টের রায় দ্রুত কার্যকরের নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সরকারকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। সোমবার (১১ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ এ রায় প্রকাশ করা হয়। এর আগে, গত ২০ ফেব্রুয়ারি তাদের চাকরি ফেরতের নির্দেশ দেন আপিল বিভাগ।
গত ২০ ফেব্রুয়ারি ১৭ বছর আগে হওয়া ২০০৭ সালে জরুরি অবস্থার সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগবঞ্চিত এক হাজার ১৩৭ জনকে চাকরিতে বহালের নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এ রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে ২০২৪ সালে পৃথক আবেদন করেন ১ হাজার ১৩৭ জনের পক্ষে ১৪০ জন। শুনানি নিয়ে গত বছরের ৭ নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল (আপিলের অনুমতি) মঞ্জুর করে আদেশ দেন। এর ধারাবাহিকতায় পৃথক তিনটি আপিলের ওপর শুনানি হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, ২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেয়।
এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ওই বছরের ১ জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে। ওই বছরের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩ হাজার ২২৯ জন উত্তীর্ণ হন। পরে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়।
ভোরের আকাশ/তা.কা