অনশন ভাঙল বেরোবি শিক্ষার্থীরা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে চলমান আমরণ অনশন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। উপাচার্যের আশ্বাস ও সম্ভাব্য রোডম্যাপ ঘোষণার পর বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা অনশন ভাঙেন।
সেখানে উপাচার্য ড. মো. শওকাত আলী নিজ হাতে অনশনরত শিক্ষার্থীদের ডাব খাইয়ে অনশন ভাঙান। এ সময় তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী আগামী ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে। ২৬ থেকে ৩০ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। তবে সরকার গেজেট প্রকাশের পরই বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে।
উপাচার্য বলেন, ছাত্র সংসদ নিয়ে সংবিধি পরীক্ষা ও চূড়ান্তকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) বৈঠক ডেকেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গেজেট প্রকাশ হলেই দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এদিকে অনশনকারীদের পক্ষ থেকে ইইই বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ইউজিসি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং বৃহস্পতিবার বৈঠক ডাকার কথা জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এজন্য আমরা অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে টানা তিন দিন ধরে প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন পালন করছিলেন শিক্ষার্থীরা। এতে অসুস্থ হয়ে পড়েন অন্তত আটজন, যাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করতে হয়।
পরে ইউজিসির সদস্য ও ছাত্র সংসদ সংক্রান্ত কমিটির আহ্বায়ক ড. তানজিম উদ্দিন খান মুঠোফোনে অনশনরত শিক্ষার্থীদের বলেন, ছাত্র সংসদ যেহেতু বিশ্ববিদ্যালয়ের আইনে নেই, তাই এটিকে অন্তর্ভুক্ত করতে বৈধ প্রক্রিয়া অনুসরণ জরুরি। অন্যথায় এটি অবৈধ হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকি থাকবে। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশ্বাস দেন তিনি।
ইউজিসির চিঠি অনুযায়ী, আগামী ২১ আগস্ট সংবিধি পরীক্ষা ও চূড়ান্তকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটির সভা অনুষ্ঠিত হবে। ড. তানজিম উদ্দিন খানের সভাপতিত্বে ওই বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন, বেরোবির শিক্ষকমণ্ডলী এবং ইউজিসির আইন বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ভোরের আকাশ//হ.র