রাত পোহালেই জকসু নির্বাচন

তিন দফা পেছানোর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। এ নির্বাচনে ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ভোট শুরুর আগে নির্বাচনী কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে। ভোটগ্রহণ সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হবে।
একইসাথে জকসুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে।
বিশেষ নিরাপত্তা নির্দেশনায় বলা হয়, ভোট প্রদানকারী শিক্ষার্থীরা কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। ভোট প্রদান শেষে শিক্ষার্থীদের ২ ও ৩ নম্বর গেট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করতে হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ের পূর্বেই শুধু ২ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবেন। কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই আইডি কার্ড প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে এবং জরুরি প্রয়োজন ব্যতীত ক্যাম্পাসের বাইরে যাতায়াত করতে পারবেন না।
এবারের জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে প্রতি ১০০ শিক্ষার্থীর জন্য একটি করে বুথ থাকবে। ভোটগ্রহণ শেষে ৬টি ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।
ভোরের আকাশ/নি. ব